কলাপাড়ার নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত চীনা নাগরিক ঝাং ইয়াং ফাং (২৬) মারা গেছেন। বুধবার ভোর ৩টা ৫৫ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝাং ইয়াং ফাং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়ায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত ছিলেন।
জানা গেছে, কলাপাড়ার নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় এক শ্রমিক উপর থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্রে সংঘটিত হামলা ও সংঘর্ষে আহত হয় ৬ চীনা নাগরিক ও দুই বাংলাদেশিসহ অনেকে। ওই সংঘর্ষে আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চীনা নাগরিক ঝাং ইয়াং ফাং।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, গত মঙ্গলবার রাতে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছয় চীনা নাগরিক ও দুই বাংলাদেশি শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ঝাং ইয়াং ফাং গুরুতর অসুস্থ ছিলেন।
দ্রুত তার সিটিস্ক্যান করা হলে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান। মাথায় গুরুতর আঘাতের কারণেই ঝাং ইয়াং ফাং নামে ওই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। বাকি পাঁচ চীনা নাগরিককে গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সার্বিক বিষয়ে বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেন, নিশান বাড়িয়ায় ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে গত মঙ্গলবার এক শ্রমিক ওপর থেকে পড়ে মারা যায়। ওই ঘটনাকে কেন্দ্র শ্রমিকদের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে এক বাঙালি শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চীনা-বাঙালি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। গভীর রাত পর্যন্ত এই ত্রিমুখি সংঘর্ষে তিন পুলিশ সদস্য, ছয় চীনা নাগরিক এবং বাঙালিসহ অসংখ্য আহত হয়েছে।
