বেনাপোলের আমড়াখালী এলাকায় বুধবার দুপুরে গ্রীনলাইন পরিবহনের চাপায় শাহাদৎ হোসেন নেদু নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বন্দর থেকে সব ধরনের মালামাল পরিবহন বন্ধ করে দিয়েছে ট্রান্সপোর্ট মালিক সমিতি।
নিহত শাহাদত হোসেন নেদু বেনাপোলের নামাজ গ্রামের মৃত আ. সাওারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম জানান, বেলা ১২টার দিকে আমড়াখালী গোডাউন থেকে শাহাদৎ হোসেন নেদু বেনাপোলের দিকে আসছিলেন।
এসময় গ্রীনলাইন পরিবহনের ঢাকাগামী (ঢাকা মেট্রো-ব- ১১-৩৪০৪) নম্বরের একটি এসিবাস চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ গ্রীনলাইন পরিবহনের বাসটি আটক করলেও পালিয়ে যায় ড্রাইভার হেলপার। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
এদিকে বেনাপোল বন্দরের সামনে সকালে ট্রাকচাপায় আলী আকবর (৪২) নামে এক ভ্যানচালক মারা গেছেন। নিহত আলী আকবর বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের পুটে আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, ট্রাকটি মালামাল পরিবহনের জন্য বেনাপোল বন্দরে প্রবেশ কালে তিন নম্বর গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ভ্যানকে চাপা দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক।
