২২ জুন রাজধানী ঢাকাসহ সারাদেশে দেশব্যাপী পালিত হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর অংশ হিসেবে এবার প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার নগর ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪৯৯ কেন্দ্রের মাধ্যেমে ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার ও ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৯৫৫ জন শিশুকে নীল রঙের ১টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৭০৪ জন শিশুকে ২টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
মানবদেহে ভিটামিন ক্যাপসুলের উপকারিতা উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সাংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ।
সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো.মোমিনুর রহমান মামুন, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমদাদুল হক, প্রধান জনসংযোগ কর্মকর্তা এস এম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
