ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে চক্রাকার বাস চলাচলে সমস্যা হচ্ছে। আর এর জন্য আপনারাই (উত্তরাবাসী) দায়ী।
বুধবার উত্তরায় চলমান চক্রাকার বাসের সেবার মান উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য তিনি এই অভিযোগ করেন।
মেয়র বলেন, উত্তরায় অনেক চৌরাস্তা থাকার পরও আমরা সেবাটি সঠিকভাবে দিতে পারছি না। গাড়ি, বিশেষ করে কার পার্কিংয়ের কারণে ফুটপাত ও রাস্তাগুলো দখল হয়ে আছে। যেকারণে যানজট লেগে থাকে। দ্রুত চক্রাকার বাসগুলো চলাচল করতে পারছে না।
তিনি বলেন, তাই আমি মনে করি এটার জন্য দায়ী আপনারা- উত্তরাবাসীরা। উত্তরাবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, সুন্দর উত্তরা গড়তে ও সুন্দর নগরী গড়তে কাজ করে যাচ্ছি। এ জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।
মেয়র বলেন, অ্যাভিনিউগুলোতে কোনো ধরনের হিউম্যান হলার, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা চলবে না। আমরা দেখেছি এগুলো চলাচলের আর প্রয়োজন নেই, যদি চক্রাকার বাস সঠিকভাবে চলাচল হয়।
মতবিনিময় সভায় উত্তরায় শৃঙ্খলা ফেরাতে সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, এলাকার শৃঙ্খলার স্বার্থে রিকশা-লেগুনা অপসারণের যে সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আমি এজন্য তাকে ধন্যবাদ জানাই।
সভায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল ও একই জোনের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবির কুমারসহ অনান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
