বগুড়া-৬ আসনে উপনির্বাচন

সন্দেহ থাকলে মেশিন দেখার আহ্বান সিইসির

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:১৪ পিএম

ইভিএম নিয়ে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর কোনো সন্দেহ থাকলে তাদের মেশিনগুলো দেখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘যদি কোনো ভুলত্রুটি থেকে থাকে তখন আপনারা বলবেন। অযথা না দেখে, না জেনে বললে তো হবে না। কারণ আমরা মনে করি ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।’

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। গতকাল বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

নূরুল হুদা আরও বলেন, ইভিএমে কেউ জাল ভোট দিতে পারবে না, বাক্স ছিনতাই হবে না, ভোট কেটে বাক্সে ঢোকানো যাবে না। সুতরাং ইভিএমের মাধ্যমে সুষ্ঠু ভোট করা সম্ভব।

তিনি জানান, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে ভোটার উপস্থিতি কম হয়। বগুড়ায় সেটা হবে না, এখানে সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। ভোটাররা যেন নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারেন, সেই পরিবেশ তৈরি করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আলমগীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত