নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত হুয়াজিং গার্মেন্টসের প্রশাসনিক কর্মকর্তা মামুনের গায়ে অসাবধানতায় থুতু ফেলার ঘটনায় ৪৯টি গাড়ি ভাঙচুর হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় আদমজী ইপিজেডে এ ঘটনা ঘটে।
শ্রমিকরা একের পর এক গাড়ি ভাঙচুর করলেও তাদের নিবৃত্ত করেনি নিরাপত্তাকর্মীরা।
এতে আদমজী ইপিজেডের প্রতিষ্ঠান মালিক ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
আদমজী ইপিজেডের শ্রমিকরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কারখানা থেকে বের হয়ে রাস্তার পাশে সারিবদ্ধভাবে থাকা মিনিবাসগুলোর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাড়িতে থাকা এক শ্রমিক অসাবধানতাবশত থুতু ফেললে তা মামুনের ওপর পড়ে।
এ ঘটনায় বুধবার সন্ধ্যায় মামুন ও স্টোরকিপার নাসির অন্যান্য শ্রমিকদের উসকানি দিয়ে গাড়ি ভাঙচুরে উদ্বুদ্ধ করে। এ সময় মামুন ও নাসিরের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক পোশাক শ্রমিক ইট ও লাঠি নিয়ে রাস্তার পাশে পার্কিং করা ৪৯টি গাড়ি ভাঙচুর করে।
হামলায় গাড়িতে থাকা প্রায় ১০ শ্রমিক আহত হন।
খবর পেয়ে র্যাব-১১, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত শ্রমিকরা জানান, হামলা চলাকালীন আমরা আদমজী ইপিজেডের নিরাপত্তা প্রহারীদের জানালেও তারা বিক্ষুব্ধ শ্রমিকদের তাণ্ডব চালানো থেকে নিবৃত্ত করেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) মীর শাহিনশাহ পারভেজ জানায়, মঙ্গলবার এক শ্রমিক থুতু ফেলার কারণে বুধবার মামুন ও নাসিরের নেতৃত্বে শ্রমিকরা গাড়ি ভাঙচুর করে। শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে আমরা ও র্যাব ঘটনাস্থলে আসার পর মামুন ও নাসিরসহ তার সহযোগীরা পালিয়ে যায়।
