ঢাকায় অবৈধ যানবাহন প্রবেশ নিষিদ্ধ: কাদের

আপডেট : ২০ জুন ২০১৯, ১২:২৮ এএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার বাইরে থেকে অবৈধ যানবাহন মহানগরীতে প্রবেশ নিষিদ্ধ।

বুধবার নগর ভবন দক্ষিণের সভাকক্ষে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান সেতুমন্ত্রী।

এ ছাড়াও আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরে চলাচলরত ছোট ছোট অবৈধ যানবাহন চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে সেইসঙ্গে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি ।

এসব কর্মসূচি বাস্তবায়নে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন থেকে দুই মাস পর পর যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা হবে। সভায় সিদ্ধান্ত হবে কিন্তু বাস্তবায়ন হবে না এটা হতে পারে না। নগরবাসীকে যানজট থেকে মুক্ত করতে যা যা করণীয় তা করা হবে। সভায় ঢাকা মহানগরীকে যানজটমুক্ত করতে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে আগামী দুই মাস সাঈদ খোকনের নেতৃত্বে গঠিত কমিটি কাজ করবে। এ দুই মাসে তারা সব সমস্যার সমাধান করবেন এমন না, তবে যতটুকু করতে পারেন তার পরিপ্রেক্ষিতে পরবর্তী সভায় আবার সিদ্ধান্ত নেয়া হবে।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের কোনো সংস্থা যদি সিদ্ধান্ত নেয় এবং সে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তারা সচেষ্ট হলে তা বাস্তবায়ন হতে বাধ্য।

বোর্ড সভায় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত