কলেজ পেয়েও ভর্তি হয়নি ৩ লাখ শিক্ষার্থী

আপডেট : ২০ জুন ২০১৯, ০১:৫২ এএম

একাদশে ভর্তির প্রথম ধাপে পছন্দের কলেজ পেয়েও ৩ লাখ ১৬ হাজার ৪৫২ শিক্ষার্থী ভর্তি হয়নি। তবে পছন্দের কলেজে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করা ১৩ লাখ ৬৮ হাজারের বেশি শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ আড়াই হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।  এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুণ অর রশীদ গতকাল বুধবার দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথম ধাপে কলেজে ভর্তির নিশ্চায়নের সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শেষ হয়েছে। এ ধাপে কলেজ পেয়েও তিন লাখের বেশি শিক্ষার্থী কলেজ নিশ্চায়ন করেনি। তবে তারা চাইলে দ্বিতীয় ও তৃতীয় দফায় আবার ভর্তির আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আসন খালি থাকা সাপেক্ষে তারা পছন্দের কলেজে ভর্তি হতে পারবে।’ এদিকে একাদশে ভর্তিতে ২য় দফার আবেদন গ্রহণ শুরু হয়েছে গতকাল থেকেই। আজ ১৯ ও আগামীকাল ২০ জুন ২য় পর্যায়ের আবেদন গ্রহণ করে ২১ জুন শনিবার রাতে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় দফায় নির্বাচিতদের ২২ ও ২৩ জুন ভর্তি নিশ্চায়ন করতে হবে।

এছাড়াও ২৪ জুন রাত ৮টার পর থেকে ৩য় দফায় কলেজে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। আগামী ২৫ জুন রাতে প্রকাশ করা হবে আবেদনের ফল। আগামী ২৭ থেকে ৩০ জুন ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং জুলাই মাসের প্রথম দিন শুরু হবে একাদশ শ্রেণির ক্লাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত