দেশে নারী আন্দোলনের অগ্রদূত কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। বরিশালের শায়েস্তাবাদের নবাব পরিবারে ১৯১১ সালের ২০ জুন তিনি জন্মগ্রহণ করেন। সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিনটি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করেছে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্মৃতিচারণ করবেন কবিকন্যা সুলতানা কামাল। বক্তব্য দেবেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি কবি রুবি রহমান। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মহীয়সী এই নারী ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মারা যান।
