রাজধানীর হাজারীবাগে চামড়া শিল্পের (ট্যানারি) বিষাক্ত বর্জ্য দিয়ে হাঁস-মুরগি (পোলট্রি) ও মাছের খাবার (ফিশ ফিড) তৈরির অপরাধে ১০ জনকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব-২, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে হাজারীবাগের ৭-৮টি কারখানায় হানা দেয় র্যাব। অভিযানে কারখানাগুলোতে ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে পোলট্রি ও ফিশ ফিড তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় ছয়টি কারখানা সিলগালা করে তাদের ২৪ লাখ টাকা জরিমানা এবং ২ হাজার ৮০০ টন বিষাক্ত পোলট্রি ও ফিশ ফিড জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, চামড়ার বর্জ্যে অধিকমাত্রায় ক্রোমিয়ামসহ ভারী বিষাক্ত ধাতু বিদ্যমান থাকে। যার কারণে এসব পোলট্রি খাবার পশু-পাখিসহ মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এর পরিণতিতে ক্যানসার, লিভার সিরোসিসসহ মারাত্মক রোগব্যাধিতে হতে পারে।
