কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তোফায়েল (২৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। বৃহস্পতিবার ভোরে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইস গিয়ার ছুরি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ জানান, নিহত তোফায়েল নগরীর দক্ষিণ চর্থা এলাকার নোমান ওরফে সবুজের ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ছয়টির বেশি মামলা রয়েছে।
ওসি মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী তোফায়েল ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।
এক পর্যায়ে মাদক ব্যবসায়ী তোফায়েল গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
