“বাবা আমি সৌরভ। আমাকে গাড়ি থেকে তারাকান্দায় ফেলে রেখে যাওয়া হয়েছে। আমি একটি অটো রাইসমিলে আছি। আমি অক্ষত এবং সুস্থ আছি।”
১১ দিন পর এভাবেই প্রথম বাবার সঙ্গে কথা বললেন অপহৃত ইফতেখার আলম সৌরভ। ছেলের কণ্ঠ শুনেই হু হু করে কেঁদে উঠলেন ইদ্রিস আলম।
বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে সৌরভ তারাকান্দা উপজেলার জামিল অটো রাইসমিলের ম্যানেজার সমিরের মোবাইল ফোন থেকে কথা বলেন বাবার সঙ্গে।
সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ ওই রাইসমিলের ম্যানেজারের বরাত দিয়ে দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
মূলত এ ফোনকলটিই স্বস্তি ফিরিয়ে দিলো সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভের (২৫) উৎকণ্ঠিত পরিবারে। পরে ভোর সোয়া ৬টার দিকে রাইসমিলের সামনে থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন। সুস্থ সৌরভকে সকাল ৯টার দিকে পুলিশী হেফাজতে ঢাকায় তার পরিবারের কাছে পাঠানো হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, “তারাকান্দা উপজেলার বটতলা বাজারের জামিল অটো রাইসমিলের ম্যানেজার সমির তার ফোন থেকে সৌরভের পরিবারকে ফোন করেন। সৌরভও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিসি আমাকে বিষয়টি জানালে ভোর ৫টা ৫০ মিনিটের দিকে সেখানে ছুটে যাই। পরে তাকে উদ্ধার করে আমার কার্যালয়ে নিয়ে আসি।”
তিনি জানান, সৌরভ সম্পূর্ণ সুস্থ আছে। তাকে উদ্ধারের বিষয়টি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে জানানো হয়েছে। পরে তার কথার প্রেক্ষিতে সৌরভকে ঢাকায় পাঠানো হয়েছে।
তবে কারা সৌরভকে অপহরণ করেছিল এ বিষয়ে কোনো তথ্য দেয়নি জেলা পুলিশ। এমনকি সৌরভকে স্থানীয় মিডিয়া কর্মীদের সামনেও হাজির করা হয়নি।
এর আগে গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা।
