প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় বৃদ্ধ আটক

আপডেট : ২০ জুন ২০১৯, ০৮:০৬ পিএম

ঢাকার ধামরাইয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঠান্ডু মিয়া নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই প্রতিবন্ধীর ভাইয়ের দায়ের করা মামলায় আটক ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠানো হবে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের পৌর এলাকার বাগনগর মহল্লায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই প্রতিবন্ধী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রতিবন্ধী ওই নারীর পাশের বাসার ভাড়াটিয়া ঠান্ডু মিয়া দীর্ঘ দিন ধরেই মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। তবে মেয়েটি শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি কাউকে বলতে পারেনি, তবে মেয়েটির ভাই বিষয়টি বুঝতে পেরে বোনের প্রতি সব সময় খেয়াল রাখার চেষ্টা করতেন।

বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী মেয়েটির বাড়ির সদস্যরা কাজের প্রয়োজনে বাহিরে গেলে ঠান্ডু মিয়া কৌশলে বাসায় ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ধর্ষক ঠান্ডু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ওই প্রতিবন্ধী মেয়েটির ভাই ধামরাই থানায় একটি মামলা দায়ের করলে ঠান্ডু মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ঠান্ডু মিয়াকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত