ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের ড্রোনটির দাম ১৩০ মিলিয়ন বলে জানা গেছে যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার কোটি টাকার বেশি।
রয়টার্স জানায়, ১৩০ মিলিয়ন মূল্যের মার্কিন ড্রোনটি ব্যবহৃত হতো গোয়েন্দা নজরদারিতে।
বৃহস্পতিবার হরমুজ প্রণালির আকাশসীমায় ড্রোনটিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে সেটি ভূপাতিত করে ইরানের বিপ্লবী গার্ড।
এ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়। ড্রোন ধ্বংস করে ইরান ‘বড় ভুল’ করেছে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
এর পরেই প্রাথমিকভাবে ইরানের রাডার ব্যবস্থা এবং মিসাইল ব্যাটারিতে আঘাত হানার অনুমোদন দেন তিনি। শুক্রবার সকালে এই হামলা হওয়ার কথা থাকলেও এ সিদ্ধান্ত থেকে ফিরে আসেন তিনি।
পরে ট্রাম্প দাবি করেন, ইরান ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছে তা বিশ্বাস করা কঠিন। দুর্ঘটনাবশত ড্রোনটি হামলার শিকার হয়েছে। তবে ওমানের মাধ্যমে ইরানকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
