‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তথাগত-তৃণমূলের পাল্টাপাল্টি বক্তব্য

আপডেট : ২১ জুন ২০১৯, ০৫:৫২ পিএম

মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে ক্ষোভ উগরে দিলেন। অবশ্য সেখানে তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ করেননি।

তথাগত ফেসবুকে লেখেন, ‘‘জয় বাংলা’ স্লোগানটি বাংলাদেশের সঙ্গে জড়িত। কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। ইচ্ছাকৃতভাবে প্রাদেশিকতাকে উসকে দেওয়া হচ্ছে। সাবধান থাকুন।”

এই ইস্যুতে মেঘালয়ের রাজ্যপালের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এবার লোকসভা ভোটে ১৮টি আসনে জিতে পশ্চিমবঙ্গে শক্ত ভিত্তি পেয়েছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন দলের কর্মী-সমর্থকদের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যাচ্ছে। শুধু তৃণমূল কর্মী-সমর্থকদের সামনে তো বটেই, ৩১ মার্চ নৈহাটিতে যাওয়ার পথে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনেও শোনা গিয়েছিল রামনাম।

যারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছিলেন, তাদের মেরে চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন বিরক্ত মমতা। এ ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তারও করেছিল পুলিশ। পরে অবশ্য সবাই জামিন পেয়ে যায়।

দিন কয়েক আগে বিধানসভায় শপথ নেওয়ার সময়েও ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়েছিলেন বিজেপি বিধায়কেরা। এর পাল্টা ‘জয় বাংলা’ ও ‘জয় হিন্দ’ স্লোগান তুলেছে তৃণমূল। কেউ ‘জয় শ্রীরাম’ বললেই রাজ্যবাসীকে ‘জয় বাংলা’, ‘জয় হিন্দ’ বলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

এই ঘটনা নিয়েই নাম উল্লেখ না করে পশ্চিমবঙ্গের শাসকদলকে নিশানা করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত। পাল্টা বক্তব্যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ‘‘তথাগত রায় মোটেই নিজের রাজ্য নিয়ে গর্ববোধ করেন না। পাঞ্জাব পাকিস্তানে আছে, আবার ভারতেও আছে। তাহলে কি ‘জয় পাঞ্জাব’ও বলা যাবে না?’’

এর আগে যখন শিক্ষাক্ষেত্রে হিন্দিকে বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে বিতর্ক চলছিল, তখনো বাঙালি মেয়েদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিল মেঘালয়ের রাজ্যপাল।

তথাগত বলেন, “বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ কিংবা নেতাজির সঙ্গে হিন্দি শেখার কোনো বিরোধ নেই। বাঙালি ছেলেরা হরিয়ানা থেকে কেরালা- সর্বত্র ঘর ঝাঁট দেয়। বাঙালি মেয়েরা মুম্বাইতে বার ড্যান্স করে, যা আগে অকল্পনীয় ছিল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত