নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন? কিংবা নিজের অজান্তেই আপনার অ্যাকাউন্টে ঘোরাফেরা করছে অন্য কেউ? অর্থাৎ হ্যাকারের খপ্পরে আপনার অ্যাকাউন্ট! তাই নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল দশা। ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে পুরো প্রক্রিয়াটাই আরও সহজ করল ইন্সটাগ্রাম। এবার মুহূর্তের মধ্যেই হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন ব্যবহারকারী। এ ক্ষেত্রে প্রথমে নিজের ফোনে ইন্সটাগ্রাম অ্যাপটি খুলুন। সেখানে লগ ইন অপশনটি বেছে নিন। এরপর ‘নিড মোর হেল্প’ একটি অপশন পাবেন। ইমেল ও অ্যাকাউন্টে ব্যবহার করা মোবাইল নম্বরটি দিন। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার কোড যাবে, সেই কোডটি আপনাকে ব্যবহার করতে হবে ইন্সটাগ্রামে। আর এতেই আবার চালু হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটি। সে ক্ষেত্রেও নিরাপত্তা বাড়াতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সংস্থাটি। জানা গেছে, একবার যে কোডটি পাঠানো হয়, সেটি একটি মাত্র ডিভাইসেই ব্যবহার করা যাবে। অ্যাকাউন্টে অনভিপ্রেত কোনো পরিবর্তন করা হলে সে ক্ষেত্রে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে অ্যাকাউন্টটি।
