সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদের (২০১৯-২১) নির্বাচন আজ। নির্বাচনে সাধারণ গ্রুপে এম সোলায়মান ও লিটন সাহা প্যানেল এবং অ্যাসোসিয়েট গ্রুপে মাহফুজুর রহমান ও মোহাম্মদ মুছার নেতৃত্বাধীন প্যানেল অংশ নিচ্ছে।
জানা গেছে, সাত বছর পর এ নির্বাচনে দুটি প্যানেলের মোট ৩৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি ইয়ার্র্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচন হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি প্যানেলের প্রধান এম সোলায়মান দেশ রূপান্তরকে বলেন, ‘বিগত দিনে ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ভোটাররা আমার প্যানেলকেই নির্বাচিত করবে।’
অপর প্যানেলের প্রধান লিটন সাহা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা দীর্ঘ সাত বছর পর ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। ভোটাররা যাদের ভালো মনে করবে তাদেরই ভোট দেবে। আমরা বিগত দিনে ইয়ার্ন মার্চেন্টের অনেক কাজ করেছি। এ জন্য শতভাগ আশাবাদী আমাদের প্যানেলই জয়ী হবে।’
নাম প্রকাশ না করার শর্তে কজন ব্যবসায়ী জানিয়েছেন, নির্বাচনে একটি প্যানেলের পক্ষে ভোট দিতে ভোটারদের চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি টেলিফোনে হুমকি ও গালাগালের অভিযোগ করেছেন তারা।
