সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিল মেয়েরা

আপডেট : ২২ জুন ২০১৯, ০৬:৫৯ পিএম

সম্পত্তির জন্য বাবার লাশ দাফন করতে দেয়নি মেয়েরা। ফেনীর দাগনভূঞায় এ ঘটনা ঘটে।  মেয়েদের বাধার মুখে তিন ঘণ্টা পর তাদের বাবা শামছুল হকের (৬০) দাফন সম্পন্ন হয়। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর গ্রামের ইসলামপুর সমাজের লমি জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে মারা যান শামছুল হক। পারিবারিক কবরস্থানে তাকে দাফনের ব্যবস্থা হয়। তবে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তার মেয়ে বিবি তাহেরা, কহিনুর বেগম, হাছিনা আক্তার, শেফালি বেগম ও তাজ নাহার বেগম দাফনে বাধা দেন। 

জানা গেছে, মৃত্যুর আগে শামছুল হক ছেলে মোশারফ হোসেন বাচ্চু ও মিজানুর রহমানকে সব সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। 

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে মৃতের লাশ দাফন করা হয়। 
মরহুম শামছুল হকের ছেলে মোশারফ হোসেন জানান, বাবা মৃত্যুর আগে বোনদের প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দেন এবং আমাদের দুই ভাইকে স্বেচ্ছায়, স্বজ্ঞানে সম্পত্তি রেজিস্ট্রি করে দেন। 

বোনদের সম্পত্তি বুঝে দেওয়ার কোনো প্রমাণপত্র আছে কি না এমন প্রশ্নের জবাবে মোশারফ বলেন, লিখিত কাগজ তার কাছে রয়েছে।

অপরদিকে মরহুম শামছুল হকের মেয়ে বিবি তাহেরা বেগমসহ পাঁচ মেয়ে জানান, বাবা থেকে গোপনে সব সম্পত্তি রেজিস্ট্রি করে নেয় দুই ভাই। আমরা প্রাপ্য সম্পত্তি দাবি করছি।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছালেহ আহাম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উভয়ের সম্মতিতে বিষয়টি সমাধানের শর্তে মৃতের লাশ দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত