কিশোরগঞ্জের ভৈরবের নৌ-ডাকাত জহুরুল্লাহ (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে সে মাথায় আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, ডাকাত জহুরুল্লাহকে ২০১৩ সালে ভৈরব থানায় কর্মরত উপ-পরিদর্শক শফিকুর রহমান গ্রেপ্তার করতে অভিযান চালায়। অভিযানকালে শফিকুর রহমানকে বল্লম দিয়ে পেটে আঘাত করে সে পালিয়ে যায়। এ খবর পেয়ে উপ-পরিদর্শক মুতিউজ্জামান অভিযান চালিয়ে জহুরুল্লাহকে গ্রেপ্তার করেন এবং এলাকাবাসী কর্তৃক পুরস্কৃত হন।
পরে সে আদালত থেকে জামিনে বের হয়ে আবারও দস্যুপনায় লিপ্ত হয়।
এদিকে ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ২০০১ সালের দায়েরকৃত একটি ডাকাতি মামলায় আদালত কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত হয় জহুরুল্লাহ। ওই রায়ের পর থেকে সে পালিয়ে বেড়ায়।
এ ছাড়াও জহুরুল্লাহর বিরুদ্ধে ভৈরব থানায় ডাকাতি, অস্ত্র ও মারামারি সংক্রান্ত ৫টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার উপ-পরিদর্শক মো. মুতিউজ্জামান দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে তার নিজ বাড়ি উপজেলার সাদেকপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল মেন্দিপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
