সচিবালয়ে পূর্তমন্ত্রী

বালিশকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৩০ জুনের মধ্যে

আপডেট : ২৪ জুন ২০১৯, ১২:৪৯ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনের আসবাব ক্রয়সহ আনুষঙ্গিক কাজে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৩০ জুনের মধ্যে জমা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘রূপপুরে দুর্নীতির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনের ভেতরই সীমাবদ্ধ থাকবে না।’

গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘বিষয়টি একটু গভীরে গিয়ে আমরা তদন্ত করতে

চাচ্ছি, দায়সারাভাবে নয়। আমরা ৩০ দিন সময় বাড়িয়েছি। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা রিপোর্ট প্রকাশের প্র্যাকটিস করছি। আশা করি, ৩০ জুনের মধ্যে প্রতিবেদন পেয়ে যাব। এরপর সেটা সবার সামনে প্রকাশ করব। কিছুই গোপন থাকবে না।’

মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমরা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। এটা অবশ্যই মনে রাখতে হবে। আমাদের আত্মশুদ্ধি প্রয়োজন। অতীতের গ্লানি, অনিয়ম, দুর্নীতি, অনৈতিকতাকে পরিহার করে আমাদের শুদ্ধ হতে হবে। আশা করছি, শুদ্ধাচার পুরস্কারে প্রত্যেকেই উৎসাহিত হবেন।’

অনুষ্ঠান শেষে মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ শামীম আখতার এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুর রহমানকে মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার ২০১৭-১৮ তুলে দেন।

গণপূর্তের গৌরব পুনরুদ্ধার করতে হবে : একই দিন রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী গণপূর্তের গৌরব পুনরুদ্ধারে কর্মকর্তাদের তাগিদ দেন। অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘অনেকেই আগের অবস্থান পরিবর্তন করেছেন। আপনাদের কর্মকা-ে, আচার-আচরণে অনেক গতি ফিরে এসেছে। স্বচ্ছতা ও দায়বদ্ধতা ফিরে এসেছে। আত্মশুদ্ধি, আত্মসমালোচনা ও দীর্ঘসূত্রতা পরিহার করার জায়গাটাকে আরও ত্বরান্বিত করতে হবে। আমাদের কাজের গতি আরও বাড়াতে হবে। দৃশ্যমান উন্নয়নকাজ সবার সামনে নিয়ে আসতে হবে। গণপূর্ত অধিদপ্তরের গৌরব পুনরুদ্ধার করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত