ময়মনসিংহের ভালুকায় কৃষকলীগ নেতার নেতৃত্বে জালিয়াতির মাধ্যমে একটি দলিলে পাঁচ ভূমি মালিককে ভুয়া দাতা সাজিয়ে সতের কোটি টাকা মূল্যের নয় একর জমি লিখে নেওয়ার প্রতিবাদে ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকার কয়েকশ নারী-পুরুষ। গতকাল সোমবার দুপুরে উপজেলার কাদিগড় গ্রামে মল্লিকবাড়ি-কাচিনা সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী জমির মালিক ও পরিবারের লোকজন জানান, স্থানীয় ভূমি দালাল উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক কাদিগড় গ্রামের জাকির হোসেন জুয়েল ও একই এলাকার হীরা মিয়া ও সাইফুলের নেতৃত্বে একটি সঙ্ঘবদ্ধ দল ভূমি অফিসের অসাধু ব্যক্তিদের যোগসাজশে উপজেলার কাদিগড় মৌজার এবং বনের জমি ভুয়া খারিজ মূলে ওই গ্রামের পাঁচজনের ৯ একর জমি সতের কোটি টাকা মূল্য ধরে গত ১৩ মে ভালুকা সাব-রেজিস্ট্রি অফিসে বন্ধকী দলিল করেন। পরে ওই দলিল অগ্রণী ব্যাংক মতিঝিল শাখায় বন্ধক রেখে কৌশলে সতের কোটি টাকা উত্তোলন করে নেন।
এলাকাবাসী জানান, দলিলে উল্লিখিত দাতা মীর শামছুল হক ও আতাউর রহমান বহু আগেই মারা গেছেন। মানববন্ধনে জালিয়াত চক্রের হোতা জুয়েলসহ হীরা ও সাইফুলের হাত থেকে উক্ত জমি রক্ষায় ও তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
