যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যাননের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বরিস জনসনের যোগসাজশের প্রমাণ ফাঁস হয়েছে। যদিও ইতিপূর্বে উগ্র ডানপন্থি কোনো দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করেছিলেন জনসন।
যুক্তরাষ্ট্রে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী হিসেবে পরিচিত ব্যাননকে ২০১৭ সালের আগস্টে হোয়াইট হাউসের প্রধান কৌশল প্রণেতার পদ থেকে সরান ট্রাম্প। স্টিভ ব্যাননের সঙ্গে বরিস জনসনের যোগসাজশ সংক্রান্ত একটি ফুটেজ হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার। এতে স্টিভ ব্যাননকে জনসনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে আলোচনা করতে দেখা যায়।
ফুটেজে দেখা যায় স্টিভ ব্যানন বলছেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগের পর টেরিজা মে’র ব্রেক্সিট নীতি নিয়ে বরিস জনসন যে ভাষণ দিয়েছিলেন, তাতে তার ভূমিকা ছিল। দ্য ব্রিঙ্ক শিরোনামের একটি ডকুমেন্টারির জন্য এই ফুটেজটি নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতা অ্যালিসন ক্ল্যাম্যান। ওই সময়েই ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন বরিস জনসন। একই সময়ে যুক্তরাজ্যের উগ্র ডানপন্থি নেতা নাইজেল ফারাজের সঙ্গে বৈঠকে অংশ নিতে ব্রিটেনে অবস্থান করছিলেন স্টিভ ব্যানন।
