মাদক ব্যবসা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবারেরও বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, ‘শুধু অভিযান দিয়ে মাদক ব্যবসা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সম্ভব নয়। সে জন্য আমরা বেশ কিছু কৌশল গ্রহণ করেছি। এ জন্য জনগণকে সম্পৃক্ত করা হয়েছে।’ গতকাল সোমবার ফরিদপুরে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশপ্রধান। তিনি বলেন, ‘মাদক ও জঙ্গিবাদ একটি সামাজিক সমস্যা, সমাজের মানুষকে নিয়েই এটি মোকাবিলা করতে হবে। জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, এটা এখন একটি বৈশ্বিক সমস্যা। একে এখন পর্যন্ত আমরা যেভাবে মোকাবিলা করে আসছি, তা পৃথিবীর কাছে মডেল।’
জঙ্গিবাদকে পুরোপুরি নির্মূল করতে না পারলেও তা দমিয়ে ফেলা সম্ভব হয়েছে উল্লেখ করে জাবেদ পাটোয়ারী আরও বলেন, ‘এটি সম্ভব হয়েছে সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতার মধ্য দিয়ে। জঙ্গিবাদের মতো মাদকের ক্ষেত্রেও চেষ্টা করছি নিয়ন্ত্রণ করতে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, মসজিদের ইমাম ও রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ত করে তাদের মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভূমিকা নেওয়া হচ্ছে।’
মাদক ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পরিবারের বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, ‘প্রতিটি পরিবারের অভিভাবক সচেতন হলেই এটা সম্ভব।’
ফরিদপুর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ ও কমিউনিটিং পুলিশ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার জাকির হোসেন খান। অন্যদের মধ্যে পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি হাবিবুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা বক্তব্য দেন।
সমাবেশে যোগ দেওয়ার আগে ফরিদপুর পুলিশ লাইনসে নারী পুলিশ সদস্যদের ব্যারাক, নগরকান্দা থানা ভবন এবং জেলা পুলিশের চিকিৎসক ও নার্সদের জন্য নির্মিত ডরমিটরির উদ্বোধন করে এক র্যালিতে অংশ নেন আইজিপি জাবেদ পাটোয়ারী।
