প্রেম কিংবা বিয়ে-দুই সম্পর্কে ফাটল ধরায় কিছু নেতিবাচক আচরণ। দেখা গেল, সম্পর্কে টিকিয়ে রাখতে আপনি কত কিছুই করে যাচ্ছে, প্রিয় মানুষকে ভালোবাসায়ও কমতি নেই। কিন্তু এরপরেও এমন কিছু অভ্যাস আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করছে, যা আপনি নিজেও বুঝতে পারছেন না।
যখন বুঝতে পারছেন তখন দেখা গেল, অনেক দেরি হয়ে গেছে। এ ধরনের নেতিবাচক অভ্যাস নিয়ে লাইফস্টাইল ম্যাগাজিন ফেমিনার একটি প্রতিবেদন প্রকাশ করে। আসুন দেখে নিই বিষয়টা সম্পর্কে।
সবসময় দোষ খোঁজা
প্রিয়জনের অনেক গুণ থাকা সত্ত্বেও দোষগুলোই যেন আপনার চোখে পড়ে। সেইসঙ্গে মনে হবে, ইচ্ছা করেই সে এসব অপছন্দনীয় কাজ করে। কিন্তু আসলে আপনার অতিরিক্ত ছিদ্রান্বেষী মনে তার দোষগুলোই শুধু চোখে পড়ে। অনেক সময় তার দোষগুলো আপনার চোখে বড় হয়ে উঠে। অথচ একজন মানুষ কিন্তু ভুল করলেও সারাক্ষণ তা করে বেড়ায় না, সবসময় সে শুধু দোষই করবে তাও না। কথা হচ্ছে, তার অনেক গুণও আছে। যা আপনার এড়িয়ে যায় বা ইচ্ছা করে এড়িয়ে যান।
প্রশংসা না করা
সম্পর্ককে টিকিয়ে রাখতে আপনার সঙ্গী এমন অনেক কিছুই করে যা প্রশংসার দাবিদার। এ ছাড়া তার নিজের অনেক গুণের কারণেও আপনি তাকে প্রশংসা করতে পারেন। কিন্তু তা আপনার চোখে এড়িয়ে যায় বা পাত্তাই দেন না। প্রশংসাযোগ্য কাজে সঙ্গীকে অবশ্যই আপনার বাহবা দেওয়া উচিত। এতে সে আরও বেশি অনুপ্রাণিত হবে। আপনার প্রতি আরও বেশি অনুভূতিশীল হবে সে।
নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়া
এক সম্পর্ক মানে দুইজনের বিষয়-আশয় জড়িত। ইতিবাচকভাবে দুইজনেরই স্বার্থ আছে এতে। কিন্তু এতে আপনি শুধু আপনার স্বার্থটিকে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে আপনার সঙ্গীকে অবমূল্যায়ন করা হয়। নিজের অনেক কিছু যেমন ছাড় দিতে হয় সেইসঙ্গে তার অনেক কিছুও মেনে নিতে হয়।
প্রশ্নমুখী হওয়া
সবসময় প্রশ্নবাণে সঙ্গী জর্জরিত করা যে কোনো সম্পর্কের জন্য ভালো ফল বয়ে আনে না। এর মানে হচ্ছে আপনি তাকে সন্দেহের চোখে দেখেন। ফলে পরস্পরের প্রতি সম্মান নষ্ট হয়। দূরত্ব সৃষ্টি হয় দুইজনের মধ্যে।
ব্যক্তিগত সময়ও নিয়ন্ত্রণ করা
প্রত্যেকের নিজস্ব কিছু সময় থাকে। সে যতই আপনার সঙ্গী হোক না কেন, তার নিজেরও ব্যক্তিগত কিছু কাজ থাকতে পারে। নিজের বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে তার একান্ত সময় কাটানোর প্রয়োজন হতে পারে। সেসব বিষয় আপনি নিয়ন্ত্রণ করতে চাইলে স্বাভাবিকভাবে সেটি সে অপছন্দ করতে পারে। মনে করবে, সবকিছুতেই তার উপর আপনি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
