বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সুচিকিৎসা চাই

আপডেট : ২৬ জুন ২০১৯, ১০:১২ পিএম

চিকিৎসক থাকেন না, সরকারি ওষুধ থাকে না, চিকিৎসকরা রোগীদের ক্লিনিকে যেতে উদ্বুদ্ধ  করেন, নার্সরা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এমন নানা সমস্যায় জর্জরিত ৫০ শয্যাবিশিষ্ট বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে উপজেলার প্রায় দেড় লাখ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এখানে একাধিক চিকিৎসকের পদ শূন্য থাকায় আর যারা রয়েছেন তারা অন্যত্র থাকায় প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যায় না। হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই, গাইনি বিশেষজ্ঞ নেই, এক্সরেসহ পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি নেই। প্রতিদিন উপজেলার ৮টি ইউনিয়নের শত শত রোগী চিকিৎসা নিতে এলেও সুচিকিৎসার অভাবে তাদের অন্যত্র যেতে হয়। কেননা উপজেলার ৮টি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রায় সবকটিতেই চিকিৎসকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম ও দুর্নীতিতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী  হাসপাতালে হামলা করার মতো ঘটনাও ঘটিয়েছে।  এই অবস্থায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসক নিয়োগসহ হাসপাতালটির যথাযথ ব্যবস্থায় পরিচালিত করে জনসাধারণের সুচিকিৎসার উদ্যোগ নিতে আকুল আবেদন জানাচ্ছি।

মুহাম্মদ শফিকুর রহমান, বানারীপাড়া, বরিশাল-৮৫৩০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত