প্রি-পেইড মিটার লাগাতে বাধা দেওয়ায় গ্রাহকদের বিরুদ্ধে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সনমান্দি ইউনিয়নের গ্রাহকরা। গতকাল বুধবার সকালে উপজেলার বাংলাবাজার এলাকায় তারা এ মানববন্ধন করেন।
গত সোমবার সকালে সোনারগাঁ পল্লী বিদ্যুতের লোকজন সনমান্দি ইউনিয়নের চরলাল এলাকায় প্রি-পেইড মিটার লাগানো শুরু করলে এলাকাবাসী বাধা দেয়। এ সময় পল্লী বিদ্যুতের লোকজন পুলিশের ভয় দেখিয়ে মিটার লাগানো অব্যাহত রাখলে এলাকাবাসীর সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গত মঙ্গলবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন ওই এলাকার ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করে। পরে পুলিশ শাখাওয়াত নামের এক গ্রাহককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের স্থানীয় ডিজিএম জোনাব আলী বলেন, প্রি-পেইড মিটার লাগাতে আমাদের কর্মীদের বাধা দেওয়াসহ তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে।
