আবার পাঞ্জাবির দাম বেশি রাখায় জরিমানা দিল আড়ং

আপডেট : ২৬ জুন ২০১৯, ১১:৩৭ পিএম

পাঞ্জাবির দাম বেশি রাখায় আবার জরিমানা গুণতে হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আড়ংকে।

মঙ্গলবার রাজধানীর বাসাবোর আড়ং আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আড়ংয়ের বিরুদ্ধে কাওছার আহমেদ নামের এক ক্রেতার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।

ওই ক্রেতার অভিযোগ, ৮৩৬ টাকার পাঞ্জাবি ১ হাজার ২১১ টাকায় বিক্রি করেছে আড়ংয়ের বাসাবো আউটলেট।

বিস্তারিত বর্ণনায় মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সম্প্রতি ৮৩৬ টাকায় বাসাবো আড়ং আউটলেট থেকে একটি পাঞ্জাবি কেনেন কাওছার আহমেদ। একই পাঞ্জাবি পরবর্তীতে কিনতে গেলে তার থেকে দাম রাখা হয় ১ হাজার ২১১ টাকা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে আড়ংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি।

ভোক্তার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিতে বিষয়টি প্রমাণ হয়। এরপর গ্রাহকের সঙ্গে প্রতারণার অপরাধে আড়ংয়ের বাসাবো আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে ৩ জুন ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় আড়ংয়ের উত্তরার শোরুমকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত