ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য নির্মিত ভবন উদ্বোধনের আগেই ধসে পড়েছে।
বাংলাদেশ সরকারের ক্রীড়া সংস্থার তহবিল থেকে বরাদ্দকৃত প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন দুটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই নিচের মাটি সরে চারপাশের ফ্লোর ভেঙে পড়েছে।
এতে ভবন দুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
শেখ রাসেল মিনি স্টেডিয়ামের এই পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেছেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এএসএম মোসা বলেন, বিষয়টি আমি সরেজমিনে দেখে সিডিউল মোতাবেক কাজ শেষ করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছি।
