ঝালকাঠির অভ্যন্তরীণ সড়ক দিয়ে দক্ষিণ অঞ্চলের ৫ রুটে ঢাকাগামী যাত্রী পরিবহন সরাসরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঝালকাঠি বাস মালিক সমিতির সঙ্গে বরিশাল ও পিরোজপুর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে এ অবরোধ দেওয়া হয়।
বুধবার রাত থেকে পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, ঝালকাঠির কাঠালিয়া ও আমুয়া এই ৫ রুটে ঢাকার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতি।
এতে দক্ষিণাঞ্চলের এই ৫ রুটের সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া যাত্রীদের বেশি ভাড়া গুণে বিকল্পযানে ঝালকাঠি জেলা সদরে এসে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে এসব রুটে পরিবহন চলে আসলেও ঝালকাঠি বাস মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এসব পরিবহন শুধু জেলা শহরের বাস টার্মিনাল থেকে যাতায়াতের অনুমতি রয়েছে। জেলার অভ্যন্তরীণ রুটে তাদের চলাচলের সুযোগ নেই।
রাজাপুরের সত্যনগর গ্রামের ইসরাঈল হাওলাদার বলেন, “ঢাকায় যাবার জন্য বুধবার বিকেলে রাজাপুর কাউন্টার থেকে বরিশাল এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম, সকালে এসে দেখি বাস বন্ধ। তাই ঝালকাঠি এসে ভাঙা পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মালিক সমিতির দ্বন্দ্বে আমরা সাধারণ যাত্রীরা কষ্ট ভোগ করছি।
এ ব্যাপারে ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা হবে।
