নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও তা সমাধান চক্রের ১২ নারীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার পৌরসভাধীন ছয়আনি গ্রামে মনিরুজ্জামান শামীমের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
কেন্দুয়া সার্কেলের এএসপি মাহমুদুল হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শিল্পপতি শামীমের বাড়িতে অভিযান চালিয়ে ১২ নারীসহ ৩১ জনকে আটক করা হয়। সেখান থেকে প্রশ্নপত্রসহ সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, প্রিন্টার, চার্জার সরঞ্জাম পাওয়া যায়। আটকদের মধ্যে রয়েছে শিক্ষক, মেধাবী ছাত্রসহ এদের সাহায্যকারী লোকজন। তিনি জানান, প্রশ্ন প্রিন্ট করে তা সমাধান করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে পাঠাত এই চক্র।
