পিলারচাপায় সাভারে শিশুর মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৯:৪১ পিএম

সাভারের আমিনবাজার এলাকায় নির্মাণাধীন ভবনের বাইরের অংশে থাকা একটি পিলার ভেঙে পড়লে নিচে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকার বিদ্যুতের একটি পাওয়ার প্ল্যান্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু বকর সিদ্দিক (৬) নাটোর জেলার সিংড়া উপজেলার বড় চৌগ্রামের মিজানুর রহমানের ছেলে। সে আমিনবাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়াবাসায় থাকত।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, নিহত ওই শিশুর বাবা মিজানুর বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টে তেল সরবরাহ করতেন। প্রতিদিনের মতো গতকালও তিনি বিদ্যুতের ওই পাওয়ার প্ল্যান্টে তেল সরবরাহের জন্য গেলে তার শিশুপুত্রও সঙ্গে যায়। সন্তানকে প্ল্যান্টসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের পাশে রেখে কাজ করছিলেন তিনি। হঠাৎ ভবনটির বাইরের অংশের একটি পিলারের সঙ্গে বাঁধা কাপড় শুকানোর ধাতব ক্যাবল সড়কে চলন্ত একটি রিকশায় আটকে যায়। এতে পিলারটি ভেঙে শিশু সিদ্দিকের মাথায় পড়লে সে ঘটনাস্থলেই মারা যায় ।

সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ জানান, আমিনবাজারে নির্মাণাধীন ভবনের বাইরের অংশের একটি পিলার ভেঙে ৬ বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় তার মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত