রিফাত হত্যার বিচার দাবিতে রাজপথে হাজারো মানুষ

আপডেট : ২৯ জুন ২০১৯, ০১:৫৯ পিএম

রিফাত হত্যার প্রতিবাদে ফুঁসে উঠছে বরগুনা। নৃশংসভাবে রিফাত শরীফকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সমাবেশে দুই সহস্রাধিক মানুষ উপস্থিত হয়েছিল।

শনিবার সকাল ১০টার দিকে বরগুনা প্রেস ক্লাব চত্বরে বরগুনার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, এলাকাবাসী ও নিহত রিফাতের স্বজনরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখনে বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. সুনাম দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, ইউপি চেয়ারম্যান শিপন জোমাদ্দার ও জেলা ছাত্রলীগর সভাপতি জুবায়ের আদনান অনিক।

এসময় বক্তরা বলেন, “রিফাত হত্যা মামলা প্রধান আসামি নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সঙ্গে এই মামলায় জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহনেওয়াজ রিফাতকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা।

তারা চেহারা আড়াল করারও কোনো চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার মুল অভিযুক্ত নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত