চাঁদাবাজি মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০১৯, ১০:২১ পিএম

পটুয়াখালীর দুমকিতে চাঁদাবাজি মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রেজাউলকে পটুয়াখালী মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠায়।

দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, স্থানীয় বালু সরবরাহকারী মানছুর আলমের বাবা মাওলানা আবুল কালাম ইউনুচের দায়ের করা চাঁদাবাজি মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।

মামলায় বাদীর অভিযোগ, তার ছেলে বালু ব্যবসায়ী মানছুরের কাছে রেজাউল ও তার ছোটভাই রাজিব দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে অপারগতা জানালে গত বুধবার বিকেলে আংগারিয়া বন্দরে মানছুরকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা মানছুরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মানছুরের বাবা আবুল কালাম ইউনুচ বাদী হয়ে শুক্রবার রাতে দুমকি থানায় চাঁদাবাজি মামলা করলে মধ্যরাতে পুলিশ বাড়ি থেকে রাজনকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত