আমার বিরুদ্ধে লিখে সন্ত্রাসীদের বাঁচানোর চেষ্টা চলছে : মিন্নি

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৩:৫৩ এএম

বরগুনায় প্রকাশ্য সড়কে বহু পথচারীর উপস্থিতিতে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বাঁচাতে একটি মহল পরিকল্পিতভাবে ফেইসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। গতকাল শনিবার বরগুনা পৌরসভার মাইঠা এলাকায় নিজ বাসভবনে বসে দেশ রূপান্তরকে এ কথা বলেন তিনি। শনিবার বিকেলে বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অপপ্রচারের বিষয়ে সাংবাদিকদের জানানোর কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তা পারেননি বলেও জানান মিন্নি।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আমাকে নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে তা আমি শুনেছি। এই সব যারা করতেছে তারা সন্ত্রাসীদের বাঁচানোর জন্য আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করতেছে। এরাই খুনিদের সাথে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ও বাংলাদেশের জনগণের কাছে একটাই দাবি, যারা এ রকম আমার নামে আজেবাজে কথা বলতেছে এবং বাজে প্রচার করছে তাদের যেন শাস্তি দেওয়া হয় এবং যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের যেন ফাঁসি দেওয়া হয়।’

মিন্নি আরও বলেন, ‘আমার স্বামীকে সন্ত্রাসীরা আমার চোখের সামনে কুপিয়ে হত্যা করেছে। আমাদের বিয়ের বয়স দুই মাস হলেও দুই থেকে তিন বছর যাবৎ আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। আমরা একজন আরেকজনকে ভালোবাসতাম। বিষয়টি আমাদের পরিবারকে জানালে দুই মাস আগে আমাদের আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়।’

তিনি বলেন, ‘আমি তো আগেই বলেছি নয়ন আমাকে রাস্তাঘাটে বিয়ের আগে ও পরে বিরক্ত করত। জোর করে আমার রিকশায় উঠে পড়ত। আমার সাথে ছবি তুলত।’

ফেইসবুকে তাকে নিয়ে স্ট্যাটাস দেওয়া ব্যক্তিদের উদ্দেশে মিন্নি  আরও বলেন, ‘ভাই, আপনারা একটু খুনিদের ধরতে সহযোগিতা করুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত