চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও নেওয়ার পথে বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে একটি জাহাজ থেকে ৪৩টি কন্টেইনার পড়ে গেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। কন্টেইনারগুলোতে বিভিন্ন ধরনের আমদানি পণ্য ছিল বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
বন্দর সূত্র জানায়, করিম শিপিং লাইন্স এর মালিকানাধীন কেএসএল গ্লেডিয়েটর নামে জাহাজটি ৮৩টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও আইসিটি’র উদ্দেশে রওনা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে জাহাজটি হাতিয়া চ্যানেলে ভাসানচর লাল বয়ার কাছাকাছি পৌঁছলে জাহাজটি থেকে ৪৩টি কন্টেইনার সাগরে পড়ে যায়।
জাহাজ থেকে কন্টেইনার পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরের সহকারী টার্মিনাল ম্যানেজার মো. আশরাফ করিম চৌধুরী দেশ রূপান্তরকে জানান, মোট ১৪৭টি ইইউস পণ্যবাহী কন্টেইনার নিয়ে কেএসএল গ্লেডিয়েটর জাহাজটি শনিবার রাত দেড়টার দিকে পানগাঁওয়ের উদ্দেশে বন্দর ছেড়ে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে ভাসানচরের কাছে এক নম্বর চ্যানেলের এক নম্বর লাল বয়ার কাছে ৪৩টি কন্টেইনার পড়ে যায়। কন্টেইনারগুলোর নম্বর পাওয়ার পর সেখানে কি পণ্য ছিল তা জানা যাবে।
বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মো. সেলিম দেশ রূপান্তরকে বলেন, কেএসএল গ্লেডিয়েটর জাহাজটি ভাসানচর এলাকায় লাল বয়ার কাছাকাছি পৌঁছার হঠাৎ ল্যাসিং ছিড়ে ৪৩টি কন্টেইনার পড়ে যায়। তবে এর ফলে চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে না।
