প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় পা রেখে ইতিহাস সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার পর আলোচনা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। একই মনোভাব দেখিয়েছেন কিমও।
বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, দুই সপ্তাহ পর পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে তারা আবার আলোচনা শুরু করবেন।
রোববার এক বছরের মধ্যে তৃতীয়বারের মতো কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাদের দেখা হয় দুই কোরিয়াকে বিভক্তকারী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড)।
সীমান্ত রেখা পার হয়ে ট্রাম্প কিমের দেশে পা রেখে হাত মেলান। এরপর বেশ সময় নিয়ে ছবি তোলেন।
কিম ইংরেজিতে ট্রাম্পকে বলেন, ‘আবার দেখা হয়ে ভালো লাগছে। এই স্থানে দেখা হবে, সেটা কখনো ভাবিনি।’
কিম জানান ট্রাম্পের আমন্ত্রণ পেয়ে তিনি অবাক হন, ‘গতকাল ট্রাম্পের আমন্ত্রণ পেয়ে আমি অবাক হয়েছিলাম।’
