হজরত শাহজালালের (রহ.) মাজারে ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তের ভিড়

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৯:৪৩ পিএম

হজরত শাহজালাল (রহ.) এর পবিত্র ওরস সামনে রেখে লাকড়ি তোড়া উৎসবে হাজার হাজার ভক্ত যোগ দিয়েছেন। ওরস সামনে রেখে শিরনি রান্নার জন্য উৎসাহী ভক্তদের জ্বালানি কাঠ সংগ্রহকে লাকড়ি তোড়া উৎসব বলা হয়।

রবিবার কয়েক হাজার ভক্ত এই উৎসবে যোগ দেন। তাদের সংগৃহীত জ্বালানি কাঠ আগামী ১৯ জিলকদ হজরত শাহজালালের (রহ.) বার্ষিক ওরসে শিরনি রান্নার কাজে লাগানো হবে।

লাকড়ি তোড়া উৎসব উপলক্ষে সকাল থেকে শত শত ভক্ত-আশেকান মাথায় লাল কাপড় বেঁধে মিছিল সহকারে মাজার প্রাঙ্গণে জড়ো হন। যোহরের নামাজের পর আবার তারা মিছিল সহকারে কাঠ কাটার জন্য দা-কুড়াল হাতে নিয়ে শহরতলির লাক্ষাতুরা বাগানের উদ্দেশে রওনা দেন। প্রায় ৫ কিলোমিটার দূরের এই বাগানে ভক্তরা পায়ে হেঁটেই যাতায়াত করেন। সেখানে মিলাদ ও শিরনি বিতরণ শেষে কাঠ সংগ্রহ করে মাজারে ফিরে আসেন।

যাতায়াতের সময় ভক্তরা ‘লালে লাল বাবা শাহজালাল’, ‘শাহজালাল বাবার জয়’, ‘৩৬০ আউলিয়ার জয়’ ইত্যাদি স্লোগানে মুখর থাকেন। লাকড়ি তোড়া উৎসবে সিলেটের পাশাপাশি সারা দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত-আশেকানরা অংশ নেন।

প্রসঙ্গত, হিজরি ৭০৩ সালের ২৬ শে শাওয়াল ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়াকে সঙ্গে নিয়ে অত্যাচারী রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করে সিলেট জয় করে ইসলামের বিজয় নিশান উড়ান। হজরত শাহজালাল (রহ.) এর জীবদ্দশাতেই লাকড়ি তোড়া উৎসব শুরু হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত