চীনের কাছে হস্তান্তরের বর্ষপূর্তিতে বিক্ষোভে টালমাতাল হংকং। বিক্ষোভকারীরা চীন নিয়ন্ত্রিত অঞ্চলটির পার্লামেন্টে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এর আগে পার্লামেন্টে ভাঙচুর চালায় তারা।
বিবিসি জানায়, সোমবার হংকংয়ের পার্লামেন্ট ভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। বিতর্কিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে গত প্রায় দুই মাস ধরে একের পর এক এ আন্দোলন চলছে।
হংকংয়ের কোনো বাসিন্দার নামে চীনের মূল ভূখণ্ড, ম্যাকাউ কিংবা তাইওয়ানে মামলা হলে, সন্দেহভাজন ওই অপরাধীকে প্রয়োজনে সেসব স্থানে পাঠানোর বিধান রেখে একটি আইনের সংশোধনী বিলের বিরোধিতা করে আসছে বিক্ষোভকারীরা।
এর জের ধরে হংকং-এর বেইজিংপন্থী নেতা ক্যারি লামের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা।
যদিও লাম ওই বিল স্থগিত করেছেন। তবে বিতর্ক জন্ম দেওয়ায় জন্য ক্ষমা চাইলেও বিক্ষোভ নিরসনের কোনো লক্ষণ নেই।
চীনের কাছে হস্তান্তরের বর্ষপূর্তির দিন সোমবারে ফের বিক্ষোভে নামে গণতন্ত্রকামীরা। এর আগে সংঘর্ষে আন্দোলন কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে তারা।
পার্লামেন্ট ভবনে ভাংচুর চালিয়ে তারা এক পর্যায়ে ভেতরে ঢুকে পড়ে। ইউনিয়ন জ্যাকের পতাকা উড়িয়ে তারা পার্লামেন্টের ভেতরে প্রতিবাদ জানায়। এক ঘণ্টা পার্লামেন্ট অবরুদ্ধ করে রাখার পর এক পর্যায়ে জোরপূর্বক তাদের বের করে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
চীনের কাছে সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ১৮৪১ সাল থেকে ব্রিটিশ কলোনি ছিল হংকং। বর্তমানে ‘এক দেশ দুই পদ্ধতি’ নীতির অধীনে এটি চীনের অংশ।
হংকং-এর বেশির ভাগ মানুষ জাতিগতভাবে চীনা বংশোদ্ভূত। তবে মূল ভূ-খণ্ডে নেই এমন স্বাধীনতা হংকং-এর জনগণ এখনো উপভোগ করেন। সমালোচকেরা বলছেন, তা হুমকির মুখে। এমন প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের কেউ কেউ মনে করেন, প্রত্যর্পণ বিলটি পাশ হলে হংকং পরিণত হবে আরেকটি চীনা শহরে।
