শেখ হাসিনার ট্রেনে গুলি যুক্তিতর্ক শেষ রায় কাল

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:৩৮ এএম

১৯৯৪ সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে পাবনার ঈশ্বরদীতে গুলিবর্ষণের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামীকাল বুধবার রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। গতকাল সোমবার পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এ কারাগারে থাকা বিএনপির ৩০ নেতাকর্মীর উপস্থিতিতে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। পরে এ আদেশ দেন বিচারক রোস্তম আলী। এর আগে গত রবিবার চাঞ্চল্যকর এ মামলার ৫২ আসামির মধ্যে আদালতে উপস্থিত হওয়া ৩০ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠায় আদালত। একই সঙ্গে প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু এবং বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা দলীয় কর্মসূচিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে শেখ হাসিনার বগি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। ওই ঘটনায় প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কর্মসূচি সংক্ষিপ্ত করে ফিরে যান তিনি। একই দিন রেলওয়ে পুলিশ বাদী হয়ে তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তদন্ত শেষে ঈশ্বরদীর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ ৫২ জনকে এ মামলার আসামি করা হয়। পরের বছর কোনো সাক্ষী না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। কিন্তু আদালত প্রতিবেদনটি গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠায়। পরে সিআইডি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে। ২৫ বছর ধরে বিচারাধীন এ মামলার আসামিদের মধ্যে ওসিয়া, আলী আজগর, খোকন, তুহিন, আলমগীরসহ পাঁচজন মারা গেছেন।

পাবনার সরকারি কৌঁসুলি আখতারুজ্জামান মুক্তা বলেন, ‘শেখ হাসিনাকে গুলিবর্ষণ মামলায় আসামিদের বিরুদ্ধে ৩৮ জন সাক্ষ্য দিয়েছেন। সুস্পষ্টভাবে হামলার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে। ন্যক্কারজনক এ ঘটনায় আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’

আসামি পক্ষের আইনজীবী মাসুদ খন্দকার জানান, এ মামলায় হাইকোর্টে লিভ টু আপিল চলমান, এরপরও রায়ের দিন ধার্য হয়েছে। কোনো সাক্ষীই সুনির্দিষ্টভাবে অভিযুক্ত আসামিরাই যে বোমাবাজি, গুলি করেছেন তা বলেননি। রাজনৈতিক প্রভাবমুক্ত রায় হলে অবশ্যই আসামিরা খালাস পাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত