তিস্তার জল দিতে পারিনি বলে ইলিশ দিচ্ছে না বাংলাদেশ: মমতা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৮:৩৩ পিএম

তিস্তার পানি না পাঠানোয় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ, এমনটা দাবি করেছেন ভারতের রাজ্যটির মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, মঙ্গলবার রাজ্যের বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মমতা এমনটা দাবি করেন।

তিনি বলেন, “বাঙালি মাছে-ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?”

তবে ভবিষ্যতে রাজ্যটিতেই প্রচুর ইলিশ উত্‍পাদন হবে বলে আশ্বাস দেন তিনি।

এ দিন মমতা আরও বলেন, 'আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আর মাছ আনতে হবে না আমাদের।'

প্রসঙ্গত, ২০১২ সালের জুলাই মাস থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। তখন থেকে পশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কিন্তু বাংলাদেশ সরকারের আরোপিত এই নিষেধাজ্ঞায় এখনো কোনো পরিবর্তন আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত