মাগুরা, মুন্সীগঞ্জে ২ লাশ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১২:২৪ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার পাড়ুয়ারকুল এলাকায় রাস্তার পাশ থেকে গতকাল মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিন মুন্সীগঞ্জ সদর উপজেলার চাম্পাতলা এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন জানান, উপজেলার পাড়–য়ারকুল গ্রামের আশ্রমের রাস্তার পাশে মাথাবিহীন অজ্ঞাত এক লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন গাজী জানান, উপজেলার চাম্পাতলা এলাকা থেকে গতকাল সকালে সোহাগ (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার দুর্গাবাড়ি এলাকার পিয়ার আলীর ছেলে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা সেখানে লাশ ফেলে যায়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত