নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাব নামে একটি ক্লিনিকে রোগী দেখার সময় দুই ভুয়া ডাক্তার ও ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালককে আটক করেছে র্যাব।
গত সোমবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে র্যাব-১১-এর সদস্যরা ওই তিন প্রতারককে আটক করে। আটক ব্যক্তিরা হলেন দুই ভুয়া ডাক্তার সোলায়মান ও উৎপল এবং হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আরিফুজ্জামান লিটন।
র্যাব জানায়, আটক সোলায়মান ও উৎপল প্রকৃতপক্ষে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ক্লিনিকের মালিকপক্ষের যোগসাজশে নিজেদের এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সেখানকার রোগীদের চিকিৎসা প্রদানসহ ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। পরীক্ষা-নিরীক্ষার নামে রোগীদের সঙ্গে নানাভাবে প্রতারণাও করে আসছিলেন তারা। এছাড়া হাসপাতালটির অনুমোদন তিন বছর আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও তা নবায়ন না করায় বর্তমানে এটি একটি অবৈধ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। ল্যাব স্থাপনের জন্য পরমাণু শক্তি কমিশনের কোনো ছাড়পত্রও এ প্রতিষ্ঠানটির নেই। স্থানীয়দের কাছ থেকে এসব অভিযোগ পেয়ে র্যাব সোমবার রাতে সেখানে অভিযান চালায় এবং কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগের সত্যতা পায়। এ সময় রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া অবস্থায় দুই ভুয়া ডাক্তারসহ হাসপাতালের মালিককে হাতেনাতে আটক করা হয়। ডাক্তার দাবিদার দুজনের একজনও এমবিবিএস সনদ দেখাতে পারেননি।
