বুড়িগঙ্গা তীরে চতুর্থ ধাপের অভিযান শুরু

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:০০ এএম

বুড়িগঙ্গার দুই তীর দখলমুক্ত করার লক্ষ্যে চতুর্থ ধাপের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। গতকাল মঙ্গলবার প্রথম দিনের অভিযানে কেরানীগঞ্জের খোলামুড়া লঞ্চঘাট থেকে শুরু করে মান্দাইল গোকূলচর পর্যন্ত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র বুলডোজার একের পর অবৈধ স্থাপনা ভেঙে দেয়। এদিন দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় ৫১টি পাকা বাড়ি, ৮৫টি আধাপাকা বাড়ি, ৪৫টি টিনের ঘরসহ ২০টি সীমানাপ্রাচীর।

গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ঢাকার চারপাশের নদ-নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গত ২৯ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা তীরে প্রথম দফায় এবং গত ৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। প্রথম ও দ্বিতীয় দফার অভিযানে ২ হাজার ৮৪২টি স্থাপনা অপসারণ করা হয়। উদ্ধার করা হয় ৬১ একর জমি। এরপর গত ৯ এপ্রিল থেকে তুরাগ ও বুড়িগঙ্গা তীরে তৃতীয় দফার অভিযান শুরু করেছিল বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘সকাল থেকে শত বাধার পরও উচ্ছেদ অভিযান চালিয়েছি। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বাধাবিপত্তিই মানা হবে না। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, বিআইডব্লিউটিএ’র সীমানাপ্রাচীরের ভেতরে যে অবৈধ স্থাপনা আছে তার সব উচ্ছেদ করা হবে। যাদের বৈধ কাগজপত্র আছে তাদের ঘরবাড়ি এ অভিযান থেকে রক্ষা পাবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও নৌ পুলিশ কর্র্তৃপক্ষ।

গতকাল কেরানীগঞ্জের খোলামুড়া খাগাইল এলাকার উচ্ছেদ হওয়া ভুক্তভোগীরা দাবি করেন, কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কয়েকজন বলেন, ‘আমাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। আমরা যদি দোষী হই সরকার আমাদের শাস্তি দিক। আর সরকারের যদি এ জায়গা দরকার হয় তাহলে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক। আমরা গরিব মানুষ। কোনোরকম এই জায়গায় ঘর তৈরি করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছি। এভাবে তুলে দিলে পরিবার নিয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত