ফেনসিডিলসহ ৩ পুলিশকে আটক করল বিজিবি

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০২:৫১ পিএম

যশোরের শার্শা সীমান্তে বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ জেলার ঝিকরগাছা থানার এক পুলিশ কর্মকর্তা ও দুই কনস্টেবলসহ চারজনকে আটক করে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন। মঙ্গলবার বিকেলে কাশিপুর বিওপির বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) ছাতেউর রহমান, কনস্টেবল শফিউল্লাহ বাসার ও হাফিজুর রহমান এবং তাদের প্রাইভেটকারের চালক ঝিকরগাছার ছুটিপুর গ্রামের বাসিন্দা মামুন।

যশোরে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, শার্শা সীমান্তের কাশিপুর বিওপির সদস্যরা ঝিকরগাছা থানার একজন সাব-ইন্সপেক্টর ও দুই কনস্টেবলসহ চারজনকে চার বোতল ফেনসিডিলসহ আটক করে ক্যাম্পে নেয়। তারা তাদের পরিচয় জানানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

এরপর একজন অতিরিক্ত পুলিশ সুপার ও ঝিকরগাছা থানার ওসির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

কাশিপুর ক্যাম্পের বিজিবি হাবিলদার ওসমান গনি তাদেরকে আটক করেন।

কাশিপুর ক্যাম্পের বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায় এক ব্যক্তি ফেনসিডিল নিয়ে কাশিপুর কলেজের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। আটকদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তখন তারা নিজেদের ঝিকরগাছা থানার পুলিশ সদস্য বলে জানান।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি শুনেছি।  তবে এ ব্যাপারে না জেনে কিছু বলতে পারবো না।”

তিনি বলেন, ঘটনা সঠিক হলে ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, ফেনসিডিলসহ আটকের ঘটনা সত্য নয়। সেখানে একটা ঘটনা ঘটেছিল, বিজিবি তাদেরকে সেভ করে ক্যাম্পে নিয়ে যায়। পরে আমাদের কাছে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত