আড়াইহাজারে কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৩:১৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবরস্থান থেকে প্রায় ১৫ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে স্থানীয় বগাদী কান্দাপাড়া এতিম খানা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকদের জানায়।

খবর পেয়ে আশপাশের বিভিন্ন এলাকার শত শত লোক কবরস্থানে ছুটে আসেন। গত মঙ্গলবার রাতে ফতেপুর ইউপির ঘোলগ্রাম বগাদী কান্দাপাড়া কবরস্থানেও একই ঘটনা ঘটেছে।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসেম আলী দেশ রূপান্তরকে জানান, বগাদী এলাকার হেলাল উদ্দিনের ছেলে জয়নাল, কেনুর ছেলে সেরাজ উদ্দিন, বড়কান্দাপাড়া এলাকার আলী মুল্যাহ, একই এলাকার সুবু ভূঁইয়া, স্থানীয় আমান মাস্টারের স্ত্রীসহ প্রায় ১৫টি মৃত ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে। তবে কে বা কারা রাতের আধাঁরে কঙ্কাল চুরি করেছে তা কেউ জানাতে পারেনি।

মাদ্রাসার এক শিক্ষার্থী জানান, ২১টি কবর খোঁড়া হয়েছে। এর মধ্যে ১৫টি কবরের কঙ্কাল চুরি হয়েছে।

এদিকে কবরস্থান কমিটির সভাপতি সাবেদ আলী দেশ রূপান্তরকে বলেন, কঙ্কাল চুরির ঘটনা এই প্রথম দেখলাম। এমন ভয়ংকর ঘটনা খুবই উদ্বেগজনক। ধারণা করা হচ্ছে এর পেছনে একটি চক্র জড়িত রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত