বেয়ারস্টোর সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৬:১৭ পিএম

বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন জনি বেয়ারস্টো। এই ওপেনারের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে স্বাগতিক ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ডের স্কোর ৩৪ ওভার শেষে ২১৪/৩।

বুধবার চেস্টার-লি-স্ট্রিটে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো উদ্বোধনী জুটিতেই যোগ করেন ১২৩ রান। রয়কে ব্যক্তিগত ৬০ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন জেমস নিশাম। তবে বেয়ারস্টো ঠিকই সেঞ্চুরি তলে নেন।

কিউই বোলারদের তৃতীয় শিকার হয়ে ফেরার আগে ৯৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৬ রান করেন বেয়ারস্টো। ৩২তম ওভারে দলীয় ২০৬ রানে ম্যাট হেনরির বলে বোল্ড হয়েছেন তিনি। এর আগে ট্রেন্ট বোল্টের বলে ব্যক্তিগত ২৪ রান করে ফেরেন জো রুট।

ম্যাচটা নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই ম্যাচে চোখ রাখছে পাকিস্তান। ইংল্যান্ড বা নিউজিল্যান্ড যে দল জিতবে, নিশ্চিত হবে তাদের সেমিফাইনাল। হার মানেই অন্যর হাতে ভাগ্য সঁপে দেওয়া।

ইংল্যান্ডের ঝুঁকিটা এখানে বেশি। কেননা ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। এদিন তারা হারলে, পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই সেমিফাইনালের টিকিট পাবে। আর পাকিস্তান যদি হারে তবে ইংল্যান্ড পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট।

অন্যদিকে নিউজিল্যান্ড হারলে পাকিস্তানের জন্য সমীকরণ কঠিন হবে। কেননা এরই মধ্যে কিউইদের পয়েন্ট ১১। সে ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুধু জিতলেই হবে রান রেটের হিসেব আসবে। নিউজিল্যান্ড যেখানে বেশ সুবিধাজনক অবস্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত