উত্তর কোরিয়ার কারাগার থেকে ছাড়া পেয়েছেন অস্ট্রেলিয়ার এক ছাত্র। সুইডেনের কর্মকর্তাদের মধ্যস্থতায় গতকাল বৃহস্পতিবার তিনি মুক্ত হয়ে নিরাপদে কোরীয় উপদ্বীপ ছেড়েছেন। মুক্ত হওয়া ছাত্রের নাম অ্যালেক সিগলি (২৯)। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অধ্যয়নরত এই তরুণ ২৫ জুন থেকে নিখোঁজ ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, উত্তর কোরিয়া থেকে চীনের পেইচিং বিমানবন্দরে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিগলি। তিনি বলেন, ‘আমি ঠিক আছি। আমি ভালো, খুবই ভালো আছি।’ তবে পিয়ংইয়ংয়ে কী ঘটেছিল, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় শান্তির চিহ্ন দেখিয়েছেন অস্ট্রেলিয়ার এই নাগরিক।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অস্ট্রেলিয়া সরকারের একটি সূত্র জানিয়েছে, পেইচিং থেকে জাপানের টোকিওতে যাবেন সিগলি। ইউকা মোরিনাগা নামের এক জাপানি নারীকে বিয়ে করেছেন তিনি। এদিকে গতকাল পার্লামেন্টের অধিবেশন চলাকালেই সিগলির মুক্তির খবরটি জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। পরবর্তী সময়ে এক বিবৃতিতে তিনি জানান, শিক্ষার্থীর মুক্তিতে সহায়তা করেছে সুইডেন কর্র্তৃপক্ষ। তবে কেন সিগলিকে বন্দি করা হয়েছিল, তা জানাননি তিনি। উত্তর কোরিয়ায় কূটনৈতিক উপস্থিতি নেই অস্ট্রেলিয়ার। কূটনৈতিক তৎপরতার জন্য দেশটি সুইডেনের মতো অন্য দেশগুলোর ওপর নির্ভর করে। রয়টার্সের কাছে দেওয়া এক বিবৃতিতে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিকে স্বাগত জানিয়েছে।
