আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালে পুষ্পস্তবক দেওয়ার মাধ্যমে হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এরপর বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে একটি উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটি উদ্বোধনের সময় নির্দেশনা দিয়ে ছিলেন, দ্রুত সেবা কার্যক্রম শুরু করার। আমরা সেই চেষ্টাই করেছি।
তিনি বলেন, প্রতিবছর কোনো না কোনোভাবে ছয় লাখ লোক পুড়ে যায়। সেই পোড়া রোগীদের জন্য এখানে সেবা কার্যক্রম শুরু হলো। এখানে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। পুড়ে যাওয়া রোগীদের সব ধরনের চিকিৎসা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন স্বাগত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পর সোহরাওয়ার্দী হাসপাতালে বঙ্গবন্ধুর হাত ধরে পাঁচটি বেড দিয়ে বার্ন ইউনিট শুরু করেছিলাম। এখন প্রধানমন্ত্রীর হাত ধরে ৫০০ শয্যায় উত্তীর্ণ হয়েছে।
রাজধানীর চানখারপুলে অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ২২টি শয্যা রয়েছে। রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য ২২ শয্যাবিশিষ্ট হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ), ১২টি অপারেশন থিয়েটার এবং একটি অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড আছে। দেশের বিভিন্ন স্থান থেকে জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগী নিয়ে আসার জন্য ভবনের ছাদে হ্যালিপ্যাড সুবিধা রাখা হয়েছে। হাসপাতালের পার্কিংয়ে একসঙ্গে ১৮০টি গাড়ি রাখার ব্যবস্থা থাকবে।
