চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের ডিজিটাল সার্ভের অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগ এনে আগের জরিপ বাদ দিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ করে নতুনভাবে ভূমি জরিপের দাবি জানিয়েছেন ভূমি মালিকরা। গত বুধবার অনুষ্ঠিত করেরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত উপজেলা ভূমি জরিপ পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটির সভায় এ দাবি জানানো হয়। এসময় প্রায় ২ হাজার ভূমি মালিক উপস্থিত ছিলেন। অধিকাংশই অনিয়ম, দুর্নীতি ঘুষ-বাণিজ্যের অভিযোগ করেছেন।
চট্টগ্রামের তিনটি উপজেলায় ডিজিটাল ভূমি জরিপকাজে নিয়োজিত সরকারি সার্ভেয়ার ও কর্মকর্তাদের বিরুদ্ধে জমির মালিকানা, শ্রেণি ও সীমানা পরিবর্তনের কথা বলে ঘুষ লেনদেনসহ নানা অভিযোগ উঠেছে।
উপজেলা ভূমি জরিপ পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আবুল কাসেম-২, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, মুক্তিযোদ্ধা মো. তোবারক হোসেন, মো. সোয়াইব মেম্বার প্রমুখ।
ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা অভিযোগ করেন, জমির নকশা ঠিকঠাকভাবে করে দেবে বলে বেশ কিছু জমির মালিক থেকে টাকা দাবি করেছে। নিরুপায় হয়ে অনেকেই টাকা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, জরিপ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত প্রতিবেদন পাঠাব।
