নাটোর জজকোর্টের আইনজীবী নিয়ন হোসেনকে কুপিয়ে জখম করার মামলায় আইনি সহায়তা না পাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের কান্দিভিটুয়ায় এই সংবাদ সম্মেলনে আসামি জুয়েল উদ্দিনের স্ত্রী মিম আক্তার প্রিয়া, শাশুড়ি মারুফা বেগম, নানা শ্বশুর মকসেদ আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুয়েলের স্ত্রী প্রিয়া জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি নাটোর আইনজীবী সমিতির সদস্য নিয়ন হোসেনকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। এই ঘটনায় পুলিশ দিঘাপাতিয়া জালাল উদ্দিনের ছেলে এবং এমকে কলেজের পিয়ন জুয়েল উদ্দিনকে আটক করে জেলহাজতে পাঠায়। ভিকটিম নিয়ন হোসেন আইনজীবী সমিতির সদস্য হওয়ার কারণে অন্য কোনো আইনজীবী শুনানিতে অংশগ্রহণ না করায় জামিন হচ্ছে না আসামি জুয়েলের।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার বাচ্চা বলেন, আসামির জামিন শুনানিতে কোনো আইনজীবীকে নিষেধ করা হয়নি।
